কারাদণ্ডপ্রাপ্ত এক চালকের মুক্তির দাবিতে শনিবার সকাল ৬টা থেকে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলার ৪টি শ্রমিক ইউনিয়ন।

শনিবার বিকালে ৪টি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহরের সর্বত্র মাইকিং করে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। এদিকে ধর্মঘটের সমর্থনে বিকেলে শহরের মলিকপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।

ধর্মঘটের ডাক দেওয়া শ্রমিক ইউনিয়নগুলো হলো, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্যাংক লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, ইমা-লেগুনা ড্রাইভারস ইউনিয়ন এবং অটোটেম্পু-অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম খাঁনও ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩০ জুন কাসেম মিয়া নামের এক চালককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এর প্রতিবাদ ও কাসেমের মুক্তির দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ