রাজবাড়ীতে দুর্বৃত্তদের হামলায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস খান (৬০) আহত হয়েছেন। মুরগির ফার্ম বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সকালে হামলার এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালের সার্জিক্যাল পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন।

কুদ্দুস খান রাজবাড়ী শহরের মুরগির ফার্ম এলাকার ইউনুস হোসেন খানের ছেলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জহুরুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি তোফাজ্জেল হোসেন তুকাই ও মিজান গ্রুপের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কুদ্দুস খান পরিস্থিতি শান্ত করতে গেলে তুকাই গ্রুপের লোকজন তাকে পেছন থেকে মাথায় আঘাত করে। আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান জানান, সোমবার রাতে জুয়া খেলাকে কেন্দ্র করে তুকাই ও মিজানের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে মারামারি ঠেকাতে গেলে তুকাইয়ের লোকজন তাকে আঘাত করে আহত করে।

জেআই