কুয়াকাটার আবাসিক হোটেল ‘সমুদ্র বিলাস’ থেকে ৩৪পিচ ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে ওই হোটেলের ম্যানেজার, বয় এবং এক ইয়াবা ব্যবসায়ীসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন আরও এক ইয়াবা ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করলেও অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
মহিপুর থানার এসআই আতিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কুয়াকাটার আবাসিক হোটেল সমুদ্র বিলাসের ৩১৫ নম্বর কক্ষ থেকে তিন জন যথাক্রমে ওই হোটেলের ম্যানেজার হাবিবুর রহমান (৩০), বয় নিজাম আকন (২৮) ও ইয়াবা ব্যবসায়ী সোহেল ফকির (২৩) কে প্রথমে গ্রেফতার করা হয়। এছাড়া অপর সন্দেহভাজন হিসেবে কবির ফিটার (২৩) কে আলীপুর থেকে আটকের পর অপর একটি মারপিটের মামলায় তাকে কোর্টে পাঠানো হয়েছে।
এদিকে, পুলিশ আবাসিক হোটেল থেকে তিন জনকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী হিসেবে পুলিশের জালে আটকা পড়ে কবির ফিটার। সোমবার রাত সাড়ে ১০টায় হোটেল সমুদ্র বিলাস থেকে পুলিশের হাতে গ্রেফতার হওয়াদের সাথে কথা বলেও এমনটি নিশ্চিত হওয়া গেছে।
মহিপুর থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, তিন জনকে কুয়াকাটা সমুদ্র বিলাস থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। কবিরকে সন্দেহভাজন হিসেবে নিয়ে আসা হলেও তাকে অপর একটি মামলার এজাহারভূক্ত আসামী হিসেবে কোর্টে পাঠানো হয়েছে। হোটেল সমুদ্র বিলাস থেকে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ইয়াবা সরবরাহকারী হিসেবে কবির ফিটারকে গ্রেফতার না দেখানোর কারণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মহিপুর থানার ওসি বলেন, কবির ফিটারের কাছে ইয়াবা পাওয়া যায়নি।
এমবিএইচ





