বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
রোববার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইন চার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, কোনাবাড়ীতে একটি বড় ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগামী একটি মিনি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বড় ট্রাকটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে মিনি ট্রাকের চালক, হেলপার ও এক শিশু নিহত হয়। আহত হয় আরো দুইজন। আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শনিবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় যাত্রীবাহী দুটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দশজন নিহত হয়।
ওই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৩০ জন।
এআর/কেএইচ





