বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় জাকির গাজী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটসাইকেলের চালকসহ দু’জন।

শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে খুলনা-মংলা মহাসড়কের চুলকাঠি বাজার সংলগ্ন ভট্রের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির গাজী বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের মৃত আব্দুল করিম গাজীর ছেলে। তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

আহতরা হলেন- খোকন (৪০) ও দুলাল মল্লিক (২৪)। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মান্নান ফরাজি জানান, মাছ ব্যবসায়ী জাকির গাজী খুলনার রুপসায় মাছ বিক্রি করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের ভট্রের ব্রিজ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থালেই জাকিরের মৃত্য হয়।

এ সময় চালকসহ দু’জন আহত হন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ