মাদারীপুরের শিবচরের চরজানাজাত ও লৌহজংয়ের মাওয়া মূল পদ্মানদীতে ৩৫ শ্রমিক নিয়ে মাটিবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বেলা ৩টার দিকের এই ঘটনায় এখন পর্যন্ত তিনজন শ্রমিক নিখোঁজের খবর পাওয়া গেছে।

মাওয়া বন্দর পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, বেলা ৩টার দিকে পেয়াজখালী থেকে মাটিবোঝাই একটি ট্রলার ৩৫ জন শ্রমিক নিয়ে কেরানীগঞ্জের জিনজিরা যাচ্ছিল।

ট্রলারটি শিবচরের চরজানাজাত ও লৌহজংয়ের মাওয়া মূল পদ্মানদীর মাঝ বরাবর আসলে ঢেউয়ের তোড়ে ডুবে যায়।

মাওয়া ঘাট থেকে ট্রলারডুবির দৃশ্য দেখে বেশ কয়েকটি স্পিডবোট ও একটি লঞ্চ এসে শ্রমিকদের উদ্ধার তৎপরতা শুরু করে। তবে তিনজন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।

উদ্ধার কাজে অংশ নেয়া স্পিডবোট চালক ইয়াসিন জানান, মাওয়া পাড় থেকে ট্রলার ডুবির দৃশ্য দেখে আমরা ১০ থেকে ১২টি স্পিডবোট গিয়ে শ্রমিকদের উদ্ধার করি। এসময় ওই শ্রমিকরা জানায়, তাদের তিন জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

মাওয়া-কাওড়কান্দি নৌরুটের লঞ্চ মালিক নূর হোসেন জানান, ট্রলার ডুবির সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার তৎপরতা শুরু করেছি। আশা করছি, সব শ্রমিককে জীবিত পাওয়া যাবে। তবে এখনো উদ্ধার তৎপরতা চলছে বলেও জানান তিনি।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর