লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
উপজেলার রহমানপুর (মেছিরপাড়) এলাকার নিজ বাড়ি থেকে বুধবার রাত ৩টায় পুলিশ তাকে গ্রেফতার করে।
মারুফ হোসেন পাটগ্রাম উপজেলার রহমানপুর (মেছিরপাড়) এলাকার মুক্তিযোদ্ধা তবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, একই এলাকার চাতাল ব্যবসায়ী জাহাবুল ইসলামকে (৩৫) ২০১৩ সালের ২৫ ডিসেম্বর মোবাইল ফোনে ডেকে অপহরণ করে মারুফ হোসেনসহ কয়েকজন। ২৭ ডিসেম্বর জাহাবুল ইসলামের স্ত্রী আমিনা খাতুন পাটগ্রাম থানায় একটি মামলা করেন। ওই মামলায় দীর্ঘদিন থেকে পাটগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন এবং তার বন্ধু একই উপজেলার জগতবেড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন পলাতক ছিলেন। বুধবার রাত ৩টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মারুফকে গ্রেফতার করে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মারুফ হোসেনকে জিজ্ঞাসাবাদ চলছে। চাতাল ব্যবসায়ী জাহাবুল ইসলাম গুম ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। বুধবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।’
এদিকে, পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আখতারুল ইসলাম সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





