শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জামায়াতের ২ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- কুচাইপট্টি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা লোকমান হোসেন ঘরামী ও সামন্তসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহমান।

পুলিশ ও কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, সকালে কুচাইপট্টি মাদ্রাসা বাজার এলাকায় ইব্রাহিম ছৈয়ালের বাড়িতে মাওলানা লোকমান হোসেন ও মাস্টার আ. রহমান স্থানীয় কয়েকজন নারীদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় মানবতাবিরোধী অপরাধের আসামি মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় পরবর্তী করণীয় বিষয়ে সরকার বিরোধী কথাবার্তা বলেন। পরে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে গোসাইরহাট থানা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে। এ ব্যাপারে গোসাইরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করে আটকদের ১৫১ ধারায় কোর্টে সোপর্দ করা হয়েছে।

আটক লোকমান হোসেন বলেন, আমরা রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে পর্দার আড়াল থেকে নরীদের উদ্দেশে কথা বলছিলাম। এ সময় স্থানীয় কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ কতিপয় নেতাকর্মী এসে আমাদের কথা বলা বন্দ করে দেন। তারা আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশে সোপর্দ করে।

গোসাইরহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ