কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কারা ওয়ার্ডে ছবির মিয়া (৩৮) নামের এক আসামীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারা ওয়ার্ডে ওই আসামীর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মজিবুর রহমান।
কারাগার সূত্র জানায়, গত ৪ জুন কোতয়ালী মডেল থানায় দায়েরকৃত একাধিক মামলার আসামী মহানগরীর সুজানগর এলাকার রফিক মিয়ার পুত্র ছবির মিয়া (৩৮) কে আদালতের সোপর্দ করার পর তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। সোমবার ভোরে তার বুকে ব্যথা অনুভূত হলে তাকে কুমেকের কারা ওয়ার্ডে ভর্তির পর তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কারাগার কর্তৃপক্ষ।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, গত ২ জুন গত মঙ্গলবার সকাল ১০টার দিকে কুমিল্লা মহানগরীর কাঁটাবিল এলাকায় রানা নামের এক যুবককে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহত রানা নগরীর সুজানগর এলাকার আবদুল জলিলের পুত্র। সে নগরীর সুজানগর এলাকার গত বছরের ৪ এপ্রিল সংঘটিত জানু মিয়া হত্যা মামলার আসামি ছিল। পর দিন ৩ জুন পুলিশ রানা হত্যা মামলার আসামীদের আটক করতে গেলে পুলিশ ও আসামী পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
এতে কোতয়ালী মডেল থানা পুলিশের ৪ এসআইসহ অন্তত ৮ পুলিশ এবং আসামী পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ছবির মিয়াসহ জানু মিয়া হত্যা মামলার বাদী শাহআলমকে আটক করেছিল।
জেডআই





