চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ফরিদ্যার পাড়া এলাকায় রীমা আক্তার (২৪) নামে এক গৃহবধূকে খুন করে গোপনে দাফনের চেষ্টা করেছেন স্বামী সাইফুদ্দিন (২৮)। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গ্রেফতার করেছে ঘাতক স্বামীকে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে পুলিশ রীমা আক্তারের লাশ উদ্ধার করে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবদুর রউফ জানান, কয়েক মাস আগে আরেকজনের স্ত্রী রীমা আক্তারকে বিয়ে করেন গাড়িচালক সাইফুদ্দিন। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। সোমবার গভীর রাতে ঝগড়ার এক পর্যায়ে সাইফুদ্দিন রীমার মুখে বালিশ চেপে ধরে গলা টিপে হত্যা করেন।

রীমার আগের ঘরের ৬ বছর বয়সী ছেলে ঘটনার প্রত্যক্ষদর্শী বলে জেনেছে পুলিশ।

এদিকে সাইফুদ্দিন তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে প্রচার করে মঙ্গলবার দুপুরে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি জানান, এ ঘটনায় রীমা আক্তারের ভাই বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ