সাভারে পিকআপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষে প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

আজ সোমবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বলিয়ারপুর এসএন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মীর আখতার গ্রুপের প্রকৌশলী জহুরুল ইসলাম (৫৫), পিকআপের চালক খলিলুর রহমান (৬৫) ও যাত্রী নুরুন্নবী।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী সকালে বলেন, মীর আখতার গ্রুপের পিকআপে করে তিনজন সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। পথে বলিয়ারপুরে সিএনজি পাম্পের সামনে ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক ও দুই যাত্রী নিহত হন।

খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান এসআই। তিনি আরো জানান, আহতদেরও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। সূত্র: এনটিভি

জেড