রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্তে পদ্মা নদীতে টহল দেওয়ার সময় বিজিবির একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউসুফ আলী নামে এক বিজিবি সদস্যের কাছে থাকা অস্ত্র ও একশ’ রাউন্ড গুলি নদীতে পড়ে গেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে নৌকা ডুবির খবর পেয়ে হারিয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধারের জন্য রাজশাহী সদর দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে কাজ করছে।
৩৭ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ জানান, ৩৭ বিজিবি ব্যাটেলিয়নের মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ির সদস্যরা সন্ধ্যা ৬টার দিকে মীরগঞ্জের বাংলাদেশী সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে শ্যালোমেশিন চালিত একটি নৌকায় করে টহল দিচ্ছিলেন।
এ সময় মাঝি নৌকাটিকে জালে জড়িয়ে ফেলে। এতে ইঞ্জিন বন্ধ হয়ে যায় ও স্রোতে নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা বিজিবি’র চার সদস্য সাতরে তীরে উঠে আসেন। কিন্তু প্রবল স্রোতে ইউসুফ আলী নামে এক সদস্য ঘটনাস্থল থেকে দেড়শ’ গজ দূরে চলে যান। এ সময় প্রাণে বাঁচতে তিনি অস্ত্র ও একশ’ রাউন্ড গুলি ফেলে তীরে উঠে আসেন।
জেএ





