কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আগামী ৩ এপ্রিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের আহ্বান জানিয়েছেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আশরাফুল আলম সোহেল।
মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে এ ঘোষণা দেন তিনি।
এর আগে দুপুর থেকে শাহবাগে অবস্থান নিতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
আশরাফুল আলম সোহেল জানান, আগামী ৩ এপ্রিল সারা দেশে ছাত্র ধর্মঘট পালন করবে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র জোট। ওই দিন বিকেলে শাহবাগ মোড়ে কেন্দ্রীয়ভাবে সমাবেশ করা হবে।
এ সময় তিনি শিক্ষার্থীদের ছাত্র ধর্মঘটে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সরকার দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। আমাদের দেশে বিচারহীনতার সংস্কৃতি রয়েছে। তনু হত্যার বিচারের মাধ্যমে এই সংস্কৃতিকের ভেঙে ফেলতে চাই আমরা। দেশে অনেকেই এভাবে ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছেন। কিন্তু কোনো বিচার হচ্ছে না।
এইচএসসি পরীক্ষার্থীরা এ কর্মসূচির আওতার বাইরে থাকবে বলেও জানান তিনি।
ওএফ





