রংপুরে তাজহাট বিহারীপাড়ায় বিষাক্ত মদ পানে দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো দুজন ভর্তি হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এলাকাবাসী জানান, সোমবার রাতে তাজহাট বিহারীপাড়ার মাদক ব্যবসায়ী মিঠুর বাড়িতে মদ পান করে ওই এলাকার বেশ কয়েকজন ব্যক্তি। এদের মধ্যে ছয়জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
মঙ্গলবার ভোরে চারজন মারা যান। তারা হলেন তাজহাট বিহারীপাড়ার নাসিম উদ্দিন (৪০), তার ভাই মনু (৩০), আবদুল গফুর (৩০) ও বালাটারি মহল্লার আজমেরি।
এলাকাবাসীর অভিযোগ, মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির কাছে মিঠু দীর্ঘদিন মদ বিক্রি করে আসছেন। তারা পুলিশের কাছে বারবার অভিযোগ করার পরও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।
খবর পেয়ে রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে মাদক ব্যবসায়ী মিঠুর বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
এমকে





