চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৩০) নামে এক ব্যক্তি নিহত এবং ২ বিজিবি সদস্যসহ ৩ জন আহত হয়েছেন।

রোববার দুপুরে শিবগঞ্জ-সোনামসজিদ আঞ্চলিক সড়কের উপজেলার কলাবাড়ি এবং ধোবড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
আব্দুস সালাম শাহবাজপুর ইউনিয়নের নামো কয়লার দিয়াড় গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে।

আহত ২ বিজিবি সদস্য হলেন- সিপাহী শাহিনুর রহমান এবং সিপাহী আব্দুল আহাদ। আহত অপর ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শিবগঞ্জ-সোনামসজিদ আঞ্চলিক সড়কের কলাবাড়ি এলাকায় একটি সাইকেলকে ট্রাক চাপা দেয়। এতে সাইকেল আরোহী আব্দুস সালাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্য এক পথচারী আহত হয়।

স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে, তবে এর চালক পালিয়ে গেছে।

এদিকে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ সদস্য চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। পথে ধোবড়া এলাকায় আমবোঝাই একটি বাইসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে তারা রাস্তায় পড়ে যান। 

এ সময় সোনামসজিদগামী একটি ট্রাক তাদের পায়ের উপর দিয়ে চলে গেলে গুরুতর আহত হন তারা।

 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান দুর্ঘটনার বিষয় দুটি নিশ্চিত করেছেন।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ