প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিদেশি নাগরিকদের হত্যাকারী, পরিকল্পনাকারী এবং মদদদাতাদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান পরিচালনা করছে।
বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য এম এ আউয়ালের লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান, শান্তিপূর্ণ ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের সম্পদ ও জীবনের নিরাপত্তাসহ শান্তিপূর্র্র্ণ পরিবেশ নিশ্চিতকল্পে বিভিন্ন পদেক্ষপ গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সম্প্রতি বিদেশি নাগরিক হত্যাকা-ের বিচারের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ঢাকা মহানগর এলাকায় ইতালীয় নাগরিক হত্যার ঘটনায় গুলশান থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্তভার গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগে হস্তান্তর করা হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তাকে সহায়তা করার জন্য গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত ২ নভেম্বর পর্যন্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এ ছাড়া রংপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনায় কাউনিয়া থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় দুজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
দেশবিরোধী ষড়যন্ত্রকারী এবং বিদেশি হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা রুজুসহ গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বিশ্বনেতারা জঙ্গিবাদ দমনে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে :
ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতিসংঘে উন্নয়ন এজেন্ডা ২০৩০ গৃহীত হওয়ার পরিপেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আমি এক সঙ্গে কাজ করার আহ্বান জানাই। এ ছাড়া আমি সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের প্রতি আমাদের সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুর্নব্যক্ত করি। বিশ্বনেতৃবৃন্দও জঙ্গিবাদ দমন ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এমআর





