মাগুরা জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোলকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা.এম এস আকবরের ভাইয়ের ছেলে।
জানা গেছে শহরের মহিলা কলেজ সড়কে রাতে দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তিনি জজ কোর্ট এলাকার নিজ চেম্বার থেকে শহরের নোমানী ময়দান সংলগ্ন নিজ বাড়িতে ফিরছিলেন।
ঘটনার সময় কল্লোলের সঙ্গে থাকা মো. রাজু নামে তার এক সহকারী জানান, মোটরসাইকেলযোগে হামলাকারীরা এসে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় ও কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অ্যাডভোকেট কল্লোল বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মমতাজ মজিদ।
এএইচ





