নীলফামারীতে রোববারের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক শ্রমিক ঐক্যজোট। প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হওয়ায় এ ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানা যায়।
শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মঘট আহ্বানকারী প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আখতার হোসেন বাদল, সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন জানান, জেলার অভ্যন্তরীণ রুট ও জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে অবৈধ ভটভটি, নছিমন-করিমন, অটোরিকশা, ট্রাক্টর চলাচল করায় যাত্রীদের নিরাপত্তাহীনতা বেড়েছে।
এছাড়াও পরিবহন ব্যবসা লোকসানের মুখে পড়েছে। যত্রতত্র পার্কিং করায় এবং সড়কে চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
বাধ্য হয়ে আমরা নছিমন-করিমন বন্ধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছি। কয়েকদফা আল্টিমেটাম দেওয়ার পর কোনো ব্যবস্থা না হওয়ায় রোববার সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট আহ্বান করে মিছিল মিটিং করা হয়।
ধর্মঘটের কারণে রাতে জেলা প্রশাসনের আহ্বানে বৈঠকে বসেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
সংগঠনের আহ্বায়ক আখতার হোসেন বাদল জানান, জাতীয় এবং আঞ্চলিক মহাসড়ক ও জেলার অভ্যন্তরীণ রুটে অবৈধ যানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় রোববারের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এসএইচ





