নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বজু মার্কেট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী বাহিনীর দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

আটককৃত হলো, উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের সোবহানপুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে মানিক (২৬) ও একই গ্রামের নুরুজ্জামানের ছেলে মিলন (৩০)।

এই দুই জন চাটখিলের শীর্ষ সন্ত্রাসী কবির বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ডের দায়িত্বে রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, শীর্ষ সন্ত্রাসী কবির বাহিনীর দুই সেকেন্ড-ইন-কমান্ড মানিক ও মিলন সহ কয়েকজন সন্ত্রাসী স্থানীয় কবিরাজ বাড়ীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ ও নারী নির্যাতন সহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আরো দু’টি মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

এএইচ