অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের মনসুর মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত খাঁন এন্টারপ্রাইজ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন। তার নাম মো. শহিদুল ইসলাম (৪৪)। তিনি আশুলিয়ার থানার ভাদাইল গ্রামের সামসুল হকের ছেলে।
পুলিশ জানায়, গত চারদিন ধরেই প্রতিষ্ঠানটি তালাবদ্ধ ছিল। সকালে দরজা গড়িয়ে পঁচা রক্ত বের হলে মার্কেটের পরিচ্ছন্ন কর্মীদের নজরে আসে বিষয়টি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে নিহতের মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
সাভার মডেল থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির দরজা খোলার পর ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়। কিন্তু লাশের পায়ের নিচে সামান্য দূরত্বে একটি টেবিল ছিল। এ জন্য বিষয়টিকে হত্যাকাণ্ড হিসেবে ধরে নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে হত্যাকাণ্ডটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে হত্যাকারীরা।
তবে কারা কেন তাকে হত্যা করেছে তা পরিস্কার নয় বলে জানিয়েছেন তিনি।
জেএ





