নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরি শাহ জালালের ধাক্কা লেগে ২০ যাত্রী আহত হয়েছেন। এই ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
কমিটিকে তিন দিনের মধ্যে বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম খান এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যেরা হলেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ-সংরক্ষণ) এম শাহজাহান, বিআইডব্লিউটিসি’র এজিএম (মেরিন) আহমেদ আলী ও এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান।
এদিকে, শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলচলারত ফেরি শাহ জালাল সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ার অভিযোগে ওই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে শুক্রবার (২৩ জুলাই) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিআইডব্লিউটিসি আজ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
শুক্রবার (২৩ জুলাই) সকালে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের রোরো ফেরি শাহ জালালের ২০ জন যাত্রী আহত হয়েছে। মাদারিপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রোরো ফেরি শাহ পরাণের চালক আব্দুর রহিম জানান, ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হাড়িয়ে ফেলে। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিটি পিলারে গিয়ে ধাক্কা খায়।
এমবি





