খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে অবৈধ অটোবাইক বন্ধের দাবিতে ঝালকাঠিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় বাস মালিক সমিতি নির্বাহী কমিটির বৈঠক শেষে তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। সন্ধ্যা থেকেই ঝালকাঠির ১৪টি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু করেছে।

ঝালকাঠি বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জানান, সম্প্রতি ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে অটোবাইক চলাচল নিষিদ্ধ ঘোষণা করে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

দুপুরে প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে বিকালে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে বাস মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার করে।

শুক্রবার দুপুরে একটি ব্যাটারিচালিত অটোবাইক বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বরিশাল যাওয়ার সময় চেকপোস্ট বসিয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা অটোবাইকটি ভাঙচুর করে।

খবর পেয়ে অটোবাইক চালকরা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বাসমালিক সমিতির যুগ্ম-সম্পাদক আবুল কালাম ও পরিবহনের মালিক সাইদুর রহমানকে মারধর করে।

মালিকদের মারধরের বিচার ও মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে অভ্যন্তরীণ সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেন।

বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কেউ কেউ অতিরিক্ত ভাড়া বহন করে বিকল্প যানে গন্তব্যে রওনা হচ্ছেন। বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো।

জেএ