সিলেটে ট্রাকের চাপায় শাজাহান উদ্দিন (৩০) নামে এক টোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে দক্ষিণসুরমায় সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী বদিকোনা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক তেতলী বদিকোনা এলাকার প্রগতি স্কুলের সামনে আসলে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুঁড়ে আগুন লাগিয়ে দেয়। আগুন ট্রাকচালকের শরীরে লাগলে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই অটোচালক নিহত হয়। এ সময় দগ্ধ হন ট্রাকচালক ও আহত হন অটোরিকশার দুই যাত্রী।

স্থানীয় লোকজন এসে ট্রাকচালক ও অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

নিহত অটোচালক শাজাহান উদ্দিন তেতলী আহমদপুর গ্রামের বাসিন্দা।

জেএ