অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল পণ্য উৎপাদন ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা না থাকায় রাজশাহী মহানগরীর শামীম খান লাচ্ছা সেমাই কারখানা মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে ওই কারখানার এক লাখ টাকার বিভিন্ন ভেজাল পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। বুধবার বিকালে রাজশাহী র্যাভব-৫ এর সহায়তায় জেলা প্রশাসন ও বিএসটিআই মহানগরীর মতিহার থানার মোহনপুর পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আখতার জানান, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের লাচ্ছা সেমাই তৈরি করছেন। এরই প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে র্যা ব-৫ এর সহায়তায় জেলা প্রশাসন ও বিএসটিআই কর্মকর্তারা মোহনপুর পূর্বপাড়ায় শামীম খান লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালান।

এসময় পণ্যের গুণগতমান ঠিক না রাখা, খাদ্য সামগ্রী খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা এবং পণ্যের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা না রাখার অপরাধে কোম্পানি পরিচালক কামরুজ্জামান খান রাজিবকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে এক লাখ টাকার পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়। পরে জরিমানার টাকা নগদ আদায় হওয়ায় তাকে কারাদণ্ড থেকে মুক্তি দেওয়া হয়।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই