মাদারীপুরের পূর্ব রাস্তির মেয়ে সুবর্ণা আক্তার ডায়না হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
রোববার দুপুর ১ টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। পরে এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
জানা যায়, গত ৬ আগস্ট শহরের গোলাবাড়ী এলাকায় সুবর্ণা আক্তার ডায়নার স্বামী সাব্বির হোসেন জসিমসহ তার পরিবারের লোকজন মিলে মাত্র ৫ লাখ টাকা যৌতুক দাবিতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ডায়নাকে। পরে সুবর্ণার স্বামীর পরিবার বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুবর্ণার লাশ উদ্ধার করে। এ ঘটনায় দোষীদের গ্রেফতার দাবিতে ৮ আগস্ট মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের বাবা মোফাজ্জল মোল্লা। এই নির্মম হত্যার বিচার দাবিতে রাস্তির শ’ শ’ লোকজন পুরান বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করে।
এসময় জেলা প্রশাসক নিহতের স্বজনদের উপযুক্ত বিচারের আশ্বাস দিলে বিক্ষোভ মিছিল শেষ হয়।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





