লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাজিম উদ্দিন(২৬) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।

দুই ডাকাতকে আটকের পর মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে অস্ত্র উদ্ধারে গেলে এ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এসময় দুইটি এক নলা বন্দুক, একটি এলজি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছে। আহত চার পুলিশ সদস্য হলেন- উপ পরিদর্শক সোলাইমান ও নুরুল ইসলাম, কনস্টেবল দিদার ও খায়রুল।

লোহাগাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহজাহান জানান, মঙ্গলবার বিকাল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকা থেকে নাজিম উদ্দিন ও মনির আহমদ নামে ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়।

পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে গভীর রাতে বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী গ্রামে নাজিম উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। তার বাড়ি থেকে দুইটি বন্দুক, একটি এলজি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে পৌনে দুইটার দিকে মনির আহমদের বাড়িতে অভিযান চালাতে যায় পুলিশ। তার বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় হঠাৎ করে পুলিশের উপর হামলা চালায় নাজিমের সহযোগীরা। সে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছে। নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হয়।

তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

কেএইচ