বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছয়জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শায়েস্তাবাদের কামারপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আব্দুল বারেক হাওলাদার (৭০) ও তার ছেলে মাহাবুব হাওলাদার (৩৮), নাছির হাওলাদার (৫২), তাদের আত্মীয় আলাউদ্দিন (৩২), কুদ্দুস চৌকিদার (৫০) ও জয়নব বিবি (৫০)। তাদের গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত মো. মাহাবুব হাওলাদার জানান, পূর্ব শত্রুতার জের ধরে কামারপাড়ায় তার বাবা আব্দুল বারেক হাওলাদারের ১৪ শতাংশ জমির বেশকিছু গাছ কেটে ফেলেছেন প্রতিপক্ষ লেদু হাওলাদার ও তার সহযোগীরা।
এনিয়ে মঙ্গলবার সকালে তার বাবার সঙ্গে প্রতিপক্ষের লোকজনের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে কিছুক্ষণ পর লেদু হাওলাদার ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়ির লোকজনের ওপর হামলা চালান। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ছয়জন আহত হন।
এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জেইউ





