বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দষ্টকালের অবরোধ ও ৭২ ঘণ্টার হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এসময় মিছিল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনকে গ্রেফতার করে পুলিশ।

রোববার দুপুর পৌনে ১২ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আল আশরাফ মামুন ও রফিকুল ইাসলাম রফিকের নেতৃত্বে পুরান ঢাকার লক্ষ্মীবাজার কেএফসি থেকে একটি মিছিল বের করে। মিছিলটি মহানগর মহিলা কলেজের সামনে আসলে পুলিশ ও ছাত্রলীগের সাথে সংঘর্ষ বাধে। এসময় মামুনকে গ্রেফতার করে পুলিশ।

সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটলে পুরান ঢাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় সূত্রাপুর থানা পুলিশ সদস্যরা ছাত্রদলের কর্মীদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সালাহউদ্দিন, রায়হান, ইমন, নাহিদ, সোহেল, মহিউদ্দিন, কে এম সাখাওয়াত, আলাউদ্দিন খান, মাহমুদ, মিজান শিশির, মিঠু, সিয়াম, জামাল, আরেফিনসহ আরো অনেকে।

জেডআই