রাজধানীতে পৃথক ঘটনায় ৩ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
কামরাঙ্গিরচরের পশ্চিম রসুলপুরে মো. সাদ্দাম হোসেন (২২) নামের এক দোকান কর্মচারী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল ১১টায় নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস নেন। ওই সময় বাড়ির লোকজন টের পেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাদ্দাম হোসেন সৈয়দপুর জেলার জাজিরা উপজেলার কুণ্ডেরচর গ্রামের সুলতান খার ছেলে।
তার ছোট ভাই মো. সেলিম জানান, ঢাকা কলেজের বিপরীত পাশের মার্কেটের একটি দোকানে কাজ করতেন সাদ্দাম। সকালে তার স্ত্রী হিয়া আক্তারের সঙ্গে ঝগড়া করে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
এদিকে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর একটি এলুমিনিয়াম কারখানার টিনের চালা থেকে পড়ে মো. লিটন নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা পৌণে ১২ টায় এ ঘটনা ঘটে।
ওই দোকানের আরেক কর্মচারী মো. ফারুক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফারুক জানান, সকালে বৃষ্টির সময় টিনের চালার পরিস্কার করতে গেলে তিনি পড়ে যান।
এ ছাড়া যাত্রাবাড়ীর সায়দাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কালাম নামে এক চা দোকানদারের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
নিহতের ভাই বাহার উদ্দিন জানান, ওই এলাকার মুসলিম হোটেলের গলিতে তার (কালামের) চায়ের দোকান আছে। দোকানের সামনে বৃষ্টির পানি জমে গেলে কালাম পরিস্কার করতে যান। ওই সময় বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





