নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী রফিক ভূঁইয়া হত্যা মামলার রায়ে ছয়জনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার সকালে নারায়ণগঞ্জেরর অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) আদালতের বিচারক মামুনুর রশিদ জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- স্বপন, নাজমুল, মাসুম, আমিনুল ইসলাম, সাজ্জাদ আলম ডলার ও জাকির হোসেন। তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকরের কথা বলা হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তের নাম সাদিয়া।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে স্বপন, আমিনুল ইসলাম, জাকির হোসেন ও সাদিয়া পলাতক। অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা আদালতের এপিপি আবদুর রহিম জানান, পূর্বশত্রুতার জের ধরে ২০০৯ সালের ৩ জুন সিদ্ধিরগঞ্জের নিজ বাড়ি থেকে রফিক ভূঁইয়াকে ডেকে নিয়ে যান আসামিরা। পরদিন এলাকার একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রফিকের ভাই রতন ভূঁইয়া ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ