ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্বজিত পাল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে শহরের গাঙ্গিনারপাড় সড়কে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, শহরের রামবাবু সড়কের বাসিন্দা বিশ্বজিত পাল (৩৫) সোমবার সকালে বাসা থেকে বের হয়ে রিক্সা যোগে মেছুয়া বাজারে যাওয়ার পথে গাঙ্গিনারপাড় হকার্স মার্কেটের সামনে ছিনতাইকারীরা তার রিক্সার গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল সেট নেয়।
এসময় টাকা ও মোবাইল সেট না দিতে চাওয়ায় ছিনতাইকারীরদের সাথে ধস্তাধস্তি হয় এবং পরে চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা বিশ্বজিতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার বিশ্বজিত পালকে মৃত ঘোষনা করেন।
নিহত বিশ্বজিত পাল যাত্রীবাহী বাসের সুপারভাইজার বলে পুলিশ জানিয়েছে। লাশের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
এমকে





