মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে সূর্য ওঠার প্রাক্কালে স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তারা।
এরআগে সকাল ৫ টা ৪৮ মিনিটে সড়ক পথে রাজধানীর গাবতলী হয়ে সাভার স্মৃতিসৌধে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ৩ মিনিট পরে স্মৃতিসৌধে এসে পৌঁছান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
রাষ্ট্রীয় সম্মান জানানো শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে আরেক দফা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানান সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদ সদস্য, বিচারপতি ও কূটনীতিকরা।
একই সময় সংসদের বিরোধী দলীয় নেত্রী হিসেবে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রওশন এরশাদ জাতীয় পর্টির সিনিয়র নেতারা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধের প্রধান ফটক।
এ দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় ঢাকা-আরিচা মহাসড়কে।
স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকাতেও কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়।
এমআর/ এআর





