রাজধানীর সদরঘাট এলাকার বাণিজ্যিক কিংবা আবাসিক ভবন এক একটি স্থাপনা যেনো মরণ ফাঁদ।
ফায়ার সার্ভিসের তথ্য বলছে, পুরান ঢাকার ১৭৩টি বহুতল ভবনই অগ্নি ঝুঁকিতে। যার মধ্যে ৬৭টি মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এরই মধ্যে ১৫টি ভবনে নোটিশ টাঙিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। ব্যবসায়ীরা অসহায়ত্ব প্রকাশ করলেও মালিকপক্ষ দিচ্ছে ব্যবস্থা নেয়ার আশ্বাস।
বাণিজ্যিক ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ২৫ শর্তের মধ্যে মানা হয়েছে মাত্র চারটি। তাও আবার বলা হচ্ছে প্রশস্ত সিড়ির কথা যা কিনা বেদখল। সদা ব্যস্ত এই ভবনটির চারিদিকে অরক্ষিত ইলেকট্রিক তার। দুর্ঘটনাবশত আগুন লেগে গেলে আরও ভয়াবহ রূপ নিতে পারে আশপাশের পরিবেশের কারণে। তাই তো সতর্কতার নোটিশ।
মালিক পক্ষের সেই পুরোনো কথা, এবার ঠিক হবে সব।
মালিক পক্ষ বলেন, আমরা ঝুঁকির মধ্যে আছি। শীঘ্রই এটা সমাধান করা হবে। দুর্ঘটনা ঘটলে আসলে কারো জীবনের দায় কেউ নিতে পারে না। তবে আমার প্রতিষ্ঠানের সঙ্গে বসে দ্রুত ব্যবস্থা নেব।
ফায়ার সার্ভিস বলছে, সদরঘাট এলাকায় ১০৬টি মার্কেটই ঝুঁকিপূর্ণ, এর মধ্যে ৫৩টি অতি ঝুঁকিপূর্ণ। আর ৬৭টি বহুতল আবাসিক ভবনও রয়েছে এই তালিকায়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোস্তফা মহসিন বলেন, মার্কেট কর্তৃপক্ষকে আমরা বলেছি ফায়ার সেফটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
তারা ব্যবস্থা নিয়ে আমাদের অবহিত করলে আমরা আমার পরিদর্শন করবো। তখন এই সাইনবোর্ড খুলে নেব। প্রথম দিনে ১৫টিতে টাঙিয়ে দেয়া হয় অগ্নি ঝুঁকির নোটিশ।
এএস





