নির্বাচনের আগে সময়মতো জাতীয় পার্টির মন্ত্রীরা পদত্যাগ করবে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ।

সোমবার তিন দিনের সফরে রংপুরে পৌঁছার পর নিজ বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

এইচএম এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন অনেক শক্তিশালী। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচন করবে। সেই লক্ষ্য নিয়ে মাঠে কাজ করছে।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, জোট গঠন হলেও জাতীয় পার্টির মন্ত্রীরা সময়মতো নির্বাচনের আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন।

জাতীয় পার্টি এককভাবে নির্বাচনের প্রস্তুতিও নিয়ে রেখেছে জানিয়ে পার্টি চেয়ারম্যান বলেন, 'অনেক দল জোট গঠনের আগ্রহ প্রকাশ করে আমার সঙ্গে দেখা করেছে। সন্তোষজনক আলাপ-আলোচনা হলে জাতীয় পার্টির নেতৃত্বে জোটগতভাবে আমরা নির্বাচনে অংশ নেব।'

এসময় তিনি বলেন, 'বিএনপি নির্বাচনে অংশ না নিলে তাদের দল নিয়ে তারা অস্তিত্ব সংকটে পড়বে। বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে।'

এইচএম এরশাদ বলেন, 'বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও তাতে নির্বাচন প্রক্রিয়ায় কোনো ক্ষতি নেই। কারণ আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। ওই নির্বাচনে অংশ নিতে বিএনপি বাধ্য হবে।'

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, 'বিএনপি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে, তাহলে সেটি হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এতে দলটির নিবন্ধন বাতিল হয়ে যাবে। রাজনৈতিক দল হিসেবে অযোগ্য বিবেচিত হবে।'

নতুন নির্বাচন কমিশন নিয়ে এক প্রশ্নে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, 'আমরা বিশ্বাস করি- বিগত নির্বাচন কমিশনের যে খারপ অভিজ্ঞতা দেশের মানুষ দেখেছে, তার চেয়ে অনেক ভালো হবে নতুন নির্বাচন কমিশন।'

'নতুন কমিশন নিরপক্ষতার সঙ্গে কাজ করবে। আমরা সেই আস্থা রাখতে চাই। তবে তাদের কাজ শেষ পর্যন্ত কোন পর্যায়ে থাকে, তার ফলাফলই বলে দেবে তারা কেমন' যোগ করেন তিনি।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক জিএম কাদের, জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার, সাধরণ সম্পাদক হোসেন মকবুল আসিব শাহরিয়ার, মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির প্রমুখ উপস্থিত ছিলেন।

জারিফ