রোববার সকাল সাড়ে ১০টায় ভারতের পর্যটন রাজ্য গোয়াতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনোমিক কো-অপারেশন) এর সামিটে যোগদান উপলক্ষে এ সফরে যাচ্ছেন তিনি।

সফর শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একান্ত বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর । এ বৈঠকে তিস্তা চুক্তির বিষয়ে আলোচনা থাকলেও মৌলিক কোন সমাধান হচ্ছেনা বলে নিশ্চিত করেছে কূটনীতিক সূত্র।

জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠক হবে রবিবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টায়। নির্ধারিত সূচি অনুযায়ী লীলা হোটেলে আধা ঘণ্টা বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের কূটনীতিকদের সাথে কথা বলে জানা গেছে, মোদীর সাথে তিস্তা নদীর পানি বন্টন ইস্যু নিয়ে আলোচনা হবে। কিন্তু নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক জানান, এ বৈঠকে ফল আসার সম্ভাবনা কম। কারণ গত এক বছরে কেন্দ্রীয় সরকারের সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কোনো আলোচনা-ই হয়নি। ভারতের অভ্যন্তরে এ বিষয়ে অগ্রগতি না হলে তিস্তা নিয়ে কোন মীমাংসা হবার সম্ভাবনা নেই।

প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পূর্বে রোববার বিকেল পৌনে ৪টা থেকে শুরু হবে বিমসটেক সামিট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ নেতাদের স্বাগত জানাবেন। সরকার প্রধানরা এখানে সংক্ষিপ্ত ভাষন দেবেন।
সাড়ে ৪টায় উদ্বোধনী পর্ব শেষে ‘ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিট এর মূল পর্ব শুরু হবে বিকেল পৌনে ৫টায়।

লীলা হোটেলে শুরু হওয়া এ সম্মেলণে বব্রিকস-এর পাঁচ শীর্ষ নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেম ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যকব জুমা যোগ দেবেন বিমসটেক-এর শীর্ষ নেতাদের সাথে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শিরি সেনা, মিয়ানমারের অং সান সূচী, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং ব্রিকস-এর শীর্ষ নেতারা আউটরিচ সম্মেলন ভাষণ দেবেন।