এবার অশোভন আচরণের দায়ে মাসুক মিয়া নামে এক ব্যক্তিকে ৫ টাকা জরিমানা করেছেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। হবিগঞ্জে আঞ্চলিক ও মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমিতে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদের সময় এ জরিমানা করা হয়।

বুধবার বিকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানের নেতৃত্বে সওজ কর্তৃপক্ষ পুলিশের উপস্থিতিতে প্রায় ৩ শতাধিক দোকানপাট উচ্ছেদ করে।

অভিযানে হবিগঞ্জ নতুন ব্রিজ আঞ্চলিক সড়কের পাশে পুরানবাজার এলাকায় শতাধিক ও মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় আরো ২ শতাধিক দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান বলেন, এসব স্থাপনা সড়কের পাশে সওজের জমিতে অবৈধভাগে গড়ে উঠেছে। যাত্রীসহ মালামাল নিয়ে যানবাহন চলাচল করতে সমস্যা হচ্ছিল। জনগণের স্বার্থেই এসব অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।

জেআই