কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যাসহ একাধিক মামলার এক আসামি নিহত হয়েছেন।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার এম মুহাইমিনুর রশিদ জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে জেলা শহরের গড়াই নদীর বাঁধ সংলগ্ন বালুর মাঠে এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত হামিদুল (৪৫) কুষ্টিয়া সদর উপজেলার ইটভাটা এলাকার রুস্তম আলীর ছেলে।
হামিদুল সন্ত্রাসী বাহিনী হামিদুল বাহিনীর প্রধান। তালিকাভুক্ত এ শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে র্যাব জানায়।
র্যাব কর্মকর্তা মুহাইমিনুর রশিদ বলেন, নাশকতার উদ্দেশ্যে একদল সন্ত্রাসী বালুরমাঠে অবস্থান করছে খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।র্যাবও পাল্টা গুলি করে।
“এক পর্যায়ে হামিদুল গুলিবিদ্ধ হলে বাকিরা পালিয়ে যায়। পরে হামিদুলকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হলে তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে মুহাইমিনুর জানান।
এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশী ও একটি বিদেশী পিস্তুল, পাঁচ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধারের খবরও জানিয়েছে র্যাব।





