খুলনায় চলমান বিশেষ অভিযানে গতকাল রোববার মহানগরীর আটটি থানা এবং জেলার নয়টি থানা এলাকা থেকে সন্ধ্যা ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ১২৪ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও বিএনপি নেতাকর্মী রয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, জামায়াতের কেন্দ্রীয় নেতা ও মহানগর জামায়াতের আমির সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের ভাই অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসকে গতকাল সন্ধ্যায় শিরোমণি বাজার থেকে আটক করা হয়। তিনি খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং রুকন।
মিঠু আরো জানান, মহানগরীর আটটি থানা এলাকা থেকে ৩৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে রয়েছে মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ওলিউল ইসলাম।
এদিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, জেলার নয়টি থানায় মোট ৯০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে জামায়াত, শিবির এবং বিএনপির নেতাকর্মী রয়েছেন।
চলমান জঙ্গিবিরোধী অভিযানে গত চারদিনে এ নিয়ে খুলনা মহানগরী ও জেলায় ৪২১ জনকে আটক করা হলো।
এমআইএস





