কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, ধাওয়া পাল্টা ধাওয়া, হাত বোমার বিষ্ফোরণ, রাবার বুলেট নিক্ষেপ, সাংবাদিকদের উপর হামলার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের এ.সি একাডেমি কেন্দ্রে জাল নৌকা প্রার্থীর পক্ষে নৌকার প্রার্থীর লোকজন পাঁচটি বুথে জোর পূর্বক ঢুকে ২০০ থেকে ২৫০ জাল ভোট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় ছবি তুলতে গিয়ে তাদের হামলার শিকার হন তিন সাংবাদিক। আহতরা হলেন এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, চিত্র সাংবাদিক সুমন রায় ও মাইটিভির চিত্র সাংবাদিক হাসান জাবেদ। এ সময় তাদের ক্যামেরাও ভাংচুর করা হয়। সমস্যার কারনে ১ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে বলে স্বীকার করেন প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ আলী।

সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানিদিয়া উত্তর সরকারি প্রাথমিক কেন্দ্রে দুপুর একটায় সদস্য প্রার্থী ইসলাম উদ্দিন ও শামসুদ্দিন’র সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় প্রায় ১০ টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ৮জন আহত হয়। গুরুতর আহত একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ সময় প্রায় একঘন্টা কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকে। সরাইল উপজেলা নির্বাচন অফিসার শাহীন আকন্দ কেন্দ্র বন্ধের কথা স্বীকার করেন।

এদিকে সকাল ১১টার দিকে রানিদিয়া গ্রামে জেলা সদর থেকে একদল বহিরাগত লোকজন প্রবেশের চেষ্টা করলে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায় এ সময় কমপক্ষে ১২ জন আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। অন্যদিকে উপজেলা ১০ নং শাহবাজপুর ইউনিয়নে সকাল ১১টার দিকে রাজামারিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায় নৌকা প্রার্থীর সমর্থকরা। এর প্রতিবাদে অন্যপ্রার্থীর সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় প্রায় ৪০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

দুপুর ২টার দিকে বহিরাগত ৩০/৩৫ জন শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, রাজামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দা হোসেনা আফজাল জুনিয়র হাই স্কুলে জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে জাল ভোট প্রদান করে। দুপুর আড়াইটার দিকে সরাইল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়।

এসময় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দুপুর পৌনে ৩টার দিকে পূর্ব কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ থামাতে গিয়ে ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় গুলিতে আনসার সদস্য সোহেলসহ কমপক্ষে ৮জন আহত হয়।

এআই