কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতার স্বরণসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলার বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা আ.লীগ সূত্র জানায়, ৭ জানুয়ারি বেলা ২টায় বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি আওলাদ হোসেন মাস্টারের স্বরণসভা করার প্রস্তুতি নেয় স্থানীয় আওয়ামী লীগ। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, দৌলতপুর থানার ওসি ও স্কুল কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
মঙ্গলবার রাতে দৌলতপুর আসনের এমপি রেজাউল হক চৌধুরীর সমর্থকরা সেখানে পাল্টা সভা আহ্বান করে মাইকিং করে। এর ফলে উপজেলা প্রশাসন বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে। এমপির লোকজনের বাধার মুখে স্থানীয় আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন মাস্টারের স্বরণসভা পণ্ড হয়ে গেছে।
এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ বলেন, স্বতন্ত্র এমপি রেজাউল হক চৌধুরীর ক্যাডার বাহিনী পরিকল্পিতভাবে আমাদের দলীয় নেতার স্বরণ সভা পণ্ড করার জন্য পাল্টা সভা আহ্বান করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমুল হক পাভেল জানান, সংঘর্ষের আশঙ্কায় সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইআর





