বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা-বিএফডিসির নতুন নাম হবে বিএফডিসি কমপ্লেক্স। এই কমপ্লেক্সে একাধিক সিনেপ্লেক্স, তিন তারকা হোটেল আর শপিং মলসহ চলচ্চিত্র নির্মাণের অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা থাকছে।

৯৪ কাঠা জমির ওপর নির্মিত হবে ১২ তলা ভবনের নতুন এই কমপ্লেক্স। আর এই প্রকল্পের জন্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৫৩ কোটি ৩৫ লাখ টাকা।

প্রকল্প নকশায় অন্তর্ভুক্ত রয়েছে— একটি অত্যাধুনিক শপিং কমপ্লেক্স, চলচ্চিত্রবিষয়ক পাঠাগার, ক্যামেরা লেন্সসহ আনুষঙ্গিক বিভিন্ন যন্ত্রপাতি বিক্রির ব্যবস্থা, কমপক্ষে দুটি সিনেপ্লেক্স, তিনটি শুটিং ফ্লোর, চারটি প্রদর্শনী কক্ষ নিয়ে তৈরি একটি মাল্টিপ্লেক্স, শিশুদের বিনোদনের জন্য নির্দিষ্ট জায়গা, বিশেষ শিশুদের জন্য খেলার জায়গা, ফুড কর্নার এবং তিনটি বেজমেন্টস।

এপ্রিল মাস থেকে এই কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন প্রকল্প প্রণয়নকারী বিএফডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আইয়ুব আলী। চলতি সপ্তাহে একনেক সভায় অনুমোদনের জন্য প্রকল্পটি তথ্য মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হবে বলেও জানা গেছে।

উল্ল্রখ্য, ২০১২ সালের ৩০ অক্টোবরে এই বিষয়টি নিয়ে এফডিসিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তৎকালীন এমডির মধ্যে প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়। আর ওই বৈঠকেই এফডিসিকে আধুনিকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে এফডিসিকে আর্থিকভাবে সচ্ছল করতে আর দেশীয় চলচ্চিত্রকে পূর্ণাঙ্গ ডিজিটাল রূপ দিতে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়।