নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম-১৩ (এবিটি) কর্তৃক ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিবের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল আনন্দমোহন কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সবুজ, মাসুম, নোমান, শেখ সজল, সবুজ, টিপুসহ আনন্দমোহন কলেজ ও হল ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সমাবেশে রকিবুল ইসলাম রকিব বলেন, যারা আড়াল থেকে হত্যার হুমকি দেয় তারা কাপুরুষ। জামায়া-শিবিরের দোসররাই বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান সিদ্দিকী নাজমুল আলমকে হত্যার হুমকি দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার ডাকযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট লেখক ও শিক্ষক অধ্যাপক জাফর ইকবাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ ২৫ জনকে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১৩। এ তালিকায় রয়েছে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিক ও উপস্থাপিকা। এই তালিকা আরো বড় হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

কেএইচ