বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে মালয়েশিয়ায় আটকে পড়া ১৫৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে মালিন্দো এয়ারের চার্টার্ড ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারি পরিচালক ফখরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ফখরুল ইসলাম বলেন, মালয়েশিয়া থেকে দেশে ফেরা সবাই নন-কোভিডের স্বাস্থ্য সনদ নিয়ে ফিরেছেন। তাই তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে (নিজ নিজ বাসায়) পাঠানো হয়েছে। এর আগে তাদের বহনকৃত বিমানটি বুধবার (১৩ মে) স্থানীয় সময় ১০টায় এবং বাংলাদেশ সময় সকাল ৮টায় কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রওনা দেয়।

জানা যায়, চিকিৎসা, উচ্চশিক্ষা, ব্যবসায়িক কাজে গিয়ে করোনা লকডাউনে এসব বাংলাদেশী মালয়শিয়ায় আটকা পড়েন। সেখানে আটকে পড়া বাংলাদেশীদের মধ্যে তারাই প্রথম, যাদের দেশে পাঠানো হলো।

বাংলাদেশ হাই কমিশনের সহায়তায় তাদের দেশে ফেরানোর প্রক্রিয়াটি সমন্বয় করেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি স্থপতি আলমগীর জলিল।

এমবি