তিস্তা ব্যারাজ অভিমুখে রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রংপুর ও রাজশাহী বিভাগ কমিটি। তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির নায্য হিস্যা আদায় ও তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন সব জমিতে পানির দাবিতে এ রোডমার্চের আয়োজন করা হয়েছে।

কর্মসূচি সম্পর্কে মঙ্গলবার সকালে রংপুরের সাম্যবাদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাসদের রংপুর বিভাগীয় সংগঠক মঞ্জুর আলম মিঠু।
সংবাদ সম্মেলনে তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির নায্য হিস্যা, তিস্তা সেচ প্রকল্পের আওতায় সব জমিতে প্রয়োজনীয় পানি সরবরাহ, গত বছর পানি না পাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং পানি না থাকায় তিস্তাপাড়ের বেকার মৎস্যজীবীদের কাজ ও ক্ষতিপূরণ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভারত সরকার আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে বাংলাদেশের প্রায় সব নদীর উজান থেকে একতরফা পানি প্রত্যাহার করছে। এর প্রতিবাদস্বরূপ ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে রোডমার্চ শুরু হবে। কর্মসূচি সফল করতে সমাজের সকল স্তরের মানুষের সমর্থন, সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, রংপুরের সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু ও দিনাজপুরের সমন্বয়ক কমরেড রেজাউল ইসলাম সবুজ প্রমুখ।

জেআই