সূর্যোদয়ের সাথে সাথে পুকুরে ভাসমান প্রদীপ প্রজ্বলন করে এবং রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে নববর্ষকে বরণ করে নিয়েছে কুষ্টিয়া শহরবাসী।

বৃহস্পতিবার সকালে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী। এরপর পৌর বটমূলে দিনব্যাপী আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও নাচ গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে শহরের একতারা চত্বর থেকে ডিসি কোর্ট চত্বর হয়ে ছায়াবিথী চত্বর পর্যন্ত আবহমান গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার প্রলয় চিসিম।

এছাড়াও দিনভর কুষ্টিয়ার পৌর বটমূল চত্বরসহ শহরের নানা স্থানে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ করা হয়।

একইভাবে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলাতেও দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উৎযাপন করা হয়। এছাড়া নানা বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪২৩ বরণে সামিল হয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ও।

এসটি