অবরোধে নাশকতারোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নগরীতে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম জানান, অবরোধের শুরু থেকে সিলেটে তিন প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে বৃহস্পতিবার রাত থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছেন। চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি মাঠে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সকালে সিলেটে হরতাল চলাকালে নগরীর শাহী ঈদগাহ এলাকায় কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আসাদুজ্জামানের গাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে জামায়াত-শিবির কর্মীরা। এ পরিস্থিতিতে সিলেটে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয় বলে একটি সূত্র জানিয়েছে।

এর আগে গত সোমবার জননিরাপত্তা রক্ষায় সারাদেশের ২১ জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কেএইচ