যশোরে আদালত চত্বর থেকে মুক্তিপণের দাবিতে এক যুবককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহৃত যুবকের নাম আক্তার হোসেন (৩৫)। তিনি চৌগাছা উপজেলার দিঘলসিংহা গ্রামের মনছুর আলীর ছেলে।
অপহৃত যুবকের বাবা মনছুর আলী ও স্ত্রী রুবিনা খাতুন জানান, আক্তার হোসেন একটি মামলায় হাজিরা দিতে সোমবার যশোর আদালতে আসে। আদালত চত্বরে আগে থেকে অবস্থান নেওয়া কয়েক যুবক বেলা ১১টার দিকে আক্তারকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। বেলা দুইটার দিকে একটি মোবাইল ফোন থেকে অপহরণকারীরা রুবিনার ফোনে কল করে জানায়, ‘আক্তার এখন আমাদের কব্জায়। তাকে ফেরত পেতে হলে এখনই দুই হাজার টাকা বিকাশ করে দিতে হবে।’
স্ত্রী রুবিনা এই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ওই নম্বরে দুই হাজার টাকা বিকাশ করে দেন। পরে অপহরণকারীরা আরেকটি মোবাইল থেকে কল করে আরও এক লাখ টাকা বিকাশ করার জন্য বলে। তারা হুমকি দেয়, ঘটনা পুলিশকে জানালে আক্তারকে খুন করে ফেলা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী বলেন, ‘ঘটনাটি আমি চৌগাছার এক সাংবাদিকের কাছ থেকে শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়ার জন্য সেকেন্ড অফিসার মিজানুর রহমান মৃধাকে দায়িত্ব দিয়েছি। তবে এই ঘটনার ব্যাপারে এখনো কেউ চৌগাছা বা কোতয়ালী থানায় অভিযোগ করেনি।’
ওসির সঙ্গে এ প্রতিবেদকের কথা হওয়ার সময় অপহৃতের স্বজনরা কোতয়ালী থানায় অবস্থান করছিলেন।
এএইচ





