দেশে চলমান সহিংসতার প্রতিবাদে নগরীর জি এল রায় রোডের চেম্বার ভবনের সামনে মানববন্ধন করেছে রংপুরের বিভিন্ন ব্যবসায়ীক সংগঠন।

রোববার দুপুর ১২ টা থেকে ১২টা ৫ মিনিট পর্যন্ত চলা এ মানববন্ধনে শত শত ব্যবসায়ী অংশ নেন।

জাতীয় সংগীত দিয়ে শুরু হওয়া মানববন্ধনে বক্তব্য রাখেন- ব্যবসায়ী নেতা ও রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুন্নুন, রংপুর মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম মিলন, রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, চেম্বারের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বাবলু, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক আলতাব হোসেন ও রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সরোয়ার টিটু।

বক্তারা বলেন- দেশে হরতাল অবরোধের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। ব্যবসায়ীদের দোকানপাটে আগুন দেওয়া হচ্ছে।  হরতালের কারণে কেউ ব্যবসা করতে পারছেন না।

দেশে জ্বালাও পাড়াওয়ের নামে অর্থনীতি ধ্বংস করা হচ্ছে। হরতাল ও অবরোধ প্রত্যাহারের জন্য এ সময় ব্যবসায়ীরা বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

এসএইচ