গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বাড়ানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে মিছিল-সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও মিছিল আয়োজন করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম বলেন, সরকার ১ সেপ্টেম্বর থেকে বিদ্যুত ও গ্যাসের দাম বাড়িয়েছে।
বিশ্ববাজারে গত কয়েক বছর ধরে যখন তেলের দাম অবিশ্বাস্য হারে কমছে বাংলাদেশে উল্টো গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও তেলের দাম কমানো হয়েছে। অথচ আমাদের প্রতিমন্ত্রী বলছেন- তেলের দাম কমানো হবে না। এটা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, সরকারি সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। অবিলম্বে গ্যাস-বিদ্যুতের দাম কমানো না হলে জনসাধারণকে সাথে নিয়ে এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সেলিম বলেন, সরকার অযৌক্তিকভাবে গণপরিবহনের ভাড়াও বাড়িয়েছে। এর প্রভাব সরাসরি নিত্যপণ্যের দামে পড়তে শুরু করেছে। নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। দেয়ালে পিঠ টেকে গেলে জনগণ চুপ করে থাকবে না।
শামসুদ্দিন খালেদ সেলিমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্পাদকমন্ডলীর সদস্য মোকতার আহমদ, যুব মৈত্রী চট্টগ্রাম জেলা সভাপতি শরীফ চৌহান, আবু সৈয়দ বলাই, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, যুব মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আরিফ নুর প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোস্ত বিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়।
এমকে





