যশোর-খুলনা মহাসড়ককে ‘যোগাযোগ মন্ত্রণালয়ের গলার কাঁটা’উল্লেখ করে এর দায়িত্ব নিজেই নিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আর ঈদের আগে যথাসময়ে এ সড়কের সংস্কার কাজ সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলীকে শোকজ করেছেন মন্ত্রী।

একইসাথে আগামী ৩ দিনের মধ্যে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করতে যশোর সওজ’র নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দারের সাথে কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মেহেদি খান ও সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন।

বুধবার দুপুরে যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব পদক্ষেপ গ্রহণ করেন।

পরিদর্শনকালে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৬০ কিলোমিটার যশোর-খুলনা মহাসড়কের মাত্র ৩ কিলোমিটারের ভাঙ্গাচোরা। এর দেড় কিলোমিটার সংস্কার কাজ শেষ হয়েছে। বাকি দেড় কিলোমিটারের অবস্থা এখনও খারাপ।

মন্ত্রী এ মহাসড়ক ৭বার পরিদর্শন করেছেন উল্লেখ করে বলেন, যশোর-খুলনা মহাসড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই কাঁটা সরাতে আমি অনেক পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোপূর্বে ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদারকে দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে বর্ষা শুরু হয়ে যাওয়ায় ঠিকাদার ঠিকমত কাজের সুযোগ পায়নি।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ